কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: সোমবার, ২৭ জুলাই, ২০২৬ এ ১২:২৮ PM
কন্টেন্ট: পাতা
মাগুরা জেলার সম্মানিত নাগরিকবৃন্দ,
আসসালামু আলাইকুম ও আন্তরিক শুভেচ্ছা।
প্রকৃতির ঐশ্বর্য, সমৃদ্ধ ঐতিহ্য, সাংস্কৃতিক বৈচিত্র্য এবং সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত হিসেবে মাগুরা বাংলাদেশের এক গৌরবময় জনপদ। "শস্যে ভরা, বাওড়ে ঘেরা, মোহনীয় মাগুরা"—এই পরিচয় শুধু একটি কাব্যিক অভিব্যক্তি নয়; এটি আমাদের মাটি, মানুষের পরিশ্রম, উদারতা এবং জীবনবোধের প্রতিচ্ছবি।
নবগঙ্গা নদীর স্নিগ্ধ প্রবাহ, সিরিজদিয়া ও ঘোপ বাওড়ের অপরূপ সৌন্দর্য, মহম্মদপুর ও শ্রীপুরের ঐতিহাসিক ঐতিহ্য মাগুরাকে দিয়েছে স্বতন্ত্র পরিচয়। এই প্রাকৃতিক ও সাংস্কৃতিক সম্পদকে পরিকল্পিতভাবে বিকশিত করতে পারলে মাগুরা দেশের অন্যতম সম্ভাবনাময় পর্যটন ও বিনিয়োগকেন্দ্র হিসেবে আত্মপ্রকাশ করবে এবং অর্থনৈতিক অগ্রযাত্রায় নতুন দিগন্ত উন্মোচিত হবে।
আমাদের লক্ষ্য একটি আধুনিক, অন্তর্ভুক্তিমূলক ও বৈষম্যহীন মাগুরা গড়ে তোলা। সে লক্ষ্যে অবকাঠামো উন্নয়ন, কৃষিতে আধুনিক প্রযুক্তির সম্প্রসারণ, মানসম্মত শিক্ষা, উন্নত স্বাস্থ্যসেবা, ডিজিটাল জনসেবা এবং যুবসমাজের জন্য টেকসই কর্মসংস্থান নিশ্চিত করতে আমরা দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ। উন্নয়নের প্রতিটি উদ্যোগে সুশাসন, স্বচ্ছতা, জবাবদিহি এবং জনকল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।
আমাদের সবচেয়ে বড় শক্তি আমাদের সামাজিক সম্প্রীতি। ধর্ম, বর্ণ ও সংস্কৃতির বৈচিত্র্যের মধ্যেও মাগুরার মানুষ দীর্ঘদিন ধরে পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা ও শান্তিপূর্ণ সহাবস্থানের অনন্য দৃষ্টান্ত স্থাপন করে আসছেন। কাত্যায়নী পূজা সেই ঐতিহ্যের এক উজ্জ্বল প্রতীক, যেখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের অংশগ্রহণ আমাদের সামাজিক বন্ধনকে আরও সুদৃঢ় করে।
আজ আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি ২০২৪ সালের ৫ আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী সাহসী শহীদদের। তাঁদের আত্মত্যাগ আমাদের জাতীয় চেতনাকে শাণিত করেছে এবং ন্যায়, সাম্য, মানবিক মর্যাদা ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার প্রত্যয়কে আরও দৃঢ় করেছে। এই গণঅভ্যুত্থান আমাদের প্রজন্মের অঙ্গীকার—একটি উন্নত, ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ নির্মাণের অঙ্গীকার।
প্রিয় মাগুরাবাসী,
একটি জেলার প্রকৃত শক্তি তার মানুষের মেধা, সততা, দেশপ্রেম এবং সম্মিলিত প্রয়াসে নিহিত। আসুন, মহান মুক্তিযুদ্ধের চেতনা, গণতান্ত্রিক মূল্যবোধ এবং মানবিক রাষ্ট্রচিন্তাকে ধারণ করে আমরা সমন্বিত অগ্রযাত্রায় শামিল হই। আমাদের ঐক্য হবে উন্নয়নের ভিত্তি, সম্প্রীতি হবে শক্তির উৎস এবং সম্মিলিত উদ্যোগ হবে সমৃদ্ধির অভিযাত্রার প্রধান চালিকাশক্তি।
আমরা বিশ্বাস করি, আপনাদের সক্রিয় অংশগ্রহণ, আন্তরিক সহযোগিতা এবং অবিচল দেশপ্রেমের মধ্য দিয়ে মাগুরা আগামী দিনের একটি আধুনিক, সমৃদ্ধ, বিনিয়োগবান্ধব ও সম্ভাবনাময় জেলার অনুকরণীয় মডেল হিসেবে প্রতিষ্ঠিত হবে।
শুভেচ্ছান্তে,
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট,
মাগুরা